Category: বাংলাদেশ | Posted on: 2021-08-15 02:31:05
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে দুই দিন ধরে রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে। দিনের আলোয় শুধু জরুরি যানবাহন পারাপারের জন্য চালানো হচ্ছে কয়েকটি ছোট ফেরি। আজ রোববার সকাল থেকে এই নৌপথে চারটি ছোট ফেরি চলছে। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আছে দুই শতাধিক যানবাহন।
ঘাট ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরাঞ্চলের বন্যার পানি পদ্মা নদী হয়ে সাগরের দিকে যাচ্ছে। এ কারণে পদ্মা নদীতে এখন তীব্র স্রোত। সম্প্রতি স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর তিনটি পিলারে চারবার ফেরির ধাক্কা লাগে। এরপর থেকেই বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে সীমিত করা হয়েছে ফেরি চলাচল। বর্তমানে এই নৌপথে ১৮টি ফেরি থাকলেও থেমে থেমে চলছে মাত্র তিন থেকে চারটি ফেরি। এ কারণে উভয় ঘাটে বেড়েছে দুর্ভোগ। পারাপারের জন্য এসে যাত্রী ও যানবাহনের চালকদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।