দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যান পারাপারে কড়াকড়ি

Category: বাংলাদেশ | Posted on: 2020-04-05 04:30:59


দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যান পারাপারে কড়াকড়ি

দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুই পাড় থেকে মাত্র দু’টি ফেরি দিয়ে অ্যাম্বুলেন্সসহ অতি জরুরি যানবাহন পারাপার করা হচ্ছে। জরুরি যানবাহন পারাপারের জন্য সীমিত আকারে ফেরি সার্ভিস চালু রাখা হলে ওই ফেরিগুলোতে করোনা ভাইরাস সংক্রমন ঝুঁকি নিয়ে ঠাসাঠাসি করে অসংখ্য যাত্রী পারাপার হওয়ায় কর্তৃপক্ষ এই কড়াকড়ি আরোপ করে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাকসহ জরুরি যানবাহন পারাপারের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরির মধ্যে পাঁচটি ফেরি চালু রেখে সীমিত আকারে সচল রাখা হয়। কিন্তু ফেরি সার্ভিস চালু থাকায় বিভিন্ন সময় জরুরি যানবাহনের চেয়ে সাধারণ মানুষ নদী পারাপার হচ্ছে। রোববার দেশের পোশাক কারখানা খোলা থাকার ঘোষণায় শনিবার দুপুরের পর থেকে হাজার হাজার মানুষ ফেরিতে নদী পারাপার হয়। এদিকে পোশাক কারখানা খোলা থাকার ঘোষণা থাকলেও শনিবার রাতে ফের বন্ধের ঘোষণা করা হয়। এতে করে রাজধানীতে যাওয়া পোশাক শ্রমিকরা রোববার ফিরতে শুরু করে। পরিস্থিতি বিবেচনা করে গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরির সংখ্যা কমিয়ে মাত্র দু’টিতে নামিয়ে আনা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, অ্যাম্বুলেন্স ও অতি জরুরি যান পারাপারের জন্য দৌলতদিয়া ঘাটে একটি ও পাটুরিয়া ঘাটে একটি ফেরি রাখা হয়েছে। এছাড়া জনসমাগম বন্ধ করতে ঘাটে পুলিশ ও সেনা সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক কাজ করছে।

অনুসন্ধান
সাম্প্রতিক সংবাদ
Leave a Comment: